গান কথা ও কবিতায় মান্নান হীরাকে স্মরণ

গান, কথা ও কবিতায় স্মরণ করা হয়েছে নাট্যকার মান্নান হীরাকে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় নাট্যশালায় বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে এ স্মরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পথনাটকের মধ্য দিয়ে প্রতিবাদের এক নতুন ভাষা তৈরি করেছিলেন মান্নান হীরা। দেশের নাট্যাঙ্গনে মৌলিক নাট্যকারের সংকটে আলো জ্বেলেছিলেন তিনি।

অনুষ্ঠানের শুরুতেই আরণ্যক নাট্যদলের শিল্পীরা মান্নান হীরার লেখা নাটক থেকে পাঠ অভিনয় করেন। এরপর নাট্যশালার লবিতে মোমবাতি প্রজ¦ালন করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আতাউর রহমান, লিয়াকত আলী লাকী, গোলাম কুদ্দুছ, লাকী ইনাম, মোহাম্মদ বারী, আহাম্মেদ গিয়াস, আক্তারুজ্জামানসহ অনেকে। পরে মিলনায়তনে অনুষ্ঠিত হয় স্মরণ অনুষ্ঠান। সেখানে মান্নান হীরাকে নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। গান পরিবেশন করেন চেতনা রহমান ভাষা। নাট্যজন মামুনুর রশীদ বলেন, ‘মান্নান হীরার কাজের মধ্যেই মানুষের জন্য ভালোবাসা ছিল। তার নাটকে মানুষের জন্য কত সংলাপ ছিল, অথচ তিনি এখন আর সেই সংলাপগুলো লিখবেন না। বড় বেশি ক্ষতি হয়ে গেল।’ আতাউর রহমান বলেন, ‘শেক্সপিয়ারকে মানুষ যেমন ৪০০ বছর পরেও স্মরণ করছে, মান্নান হীরাকেও তেমনি বাঙালি চিরদিন মনে রাখতে বাধ্য হবে।’  লাকী ইনাম বলেন, ‘দেশে মৌলিক নাট্যকারের জায়গায় তার মতো আর কেউ নেই। অনেকেই লিখছেন, তবে তার মতো মৌলিকত্ব আর কেউ দেখাতে পারেননি।’