মনজুরুল আহসান খানকে সিপিবির দায়িত্ব থেকে অব্যাহতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খানকে ছয় মাসের জন্য উপদেষ্টার দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। গতকাল শুক্রবার সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগের প্রধান আবদুল্লাহ ক্বাফী রতনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মনজুরুল আহসান খান একটি দৈনিক পত্রিকায় লিখিত প্রবন্ধে ও আরেকটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সরকার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা দলের দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাই ৫ জানুয়ারির প্রেসিডিয়াম সভায় তাকে সিপিবির উপদেষ্টা পদসহ দলের অন্যান্য দায়িত্ব থেকে ছয় মাসের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।