গাসিক কাউন্সিলরের বিরুদ্ধে চাঁদা না পেয়ে ভাঙচুরের অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) কোনাবাড়ী এলাকায় চাঁদা না দেওয়ায় আগাম নোটিস ছাড়াই একটি কারখানার সীমানা প্রাচীর ও মার্কেটের সিঁড়ি ভাঙচুর এবং নিরাপত্তাকর্মীদের লাঞ্ছিত করার অভিযোগে উঠেছে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার দুপুরে কোনাবাড়ী থানায় অভিযোগ করেছেন ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র সিকিউরিটি সুপারভাইজার মো. হান্নান বিশ্বাস।

কারখানার ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন কর্র্তৃপক্ষ সড়ক প্রশস্তকরণের জন্য নতুন প্রকল্প বরাদ্দ করেছে। এ ব্যাপারে কাউন্সিলর ও কারখানার মালিক পক্ষের একাধিক বৈঠক হয়েছে। এ জন্য প্রয়োজনীয় জমি ছাড় দিতে সম্মতও হয়েছি। কিন্তু কাউন্সিলর নাসির উদ্দিন চাঁদা দিলে সীমানা প্রাচীর ভাঙবেন না বলে জানান। চাঁদা দিতে রাজি না হওয়ায় তিনি সন্ত্রাসী নিয়ে পূর্ব নোটিস ছাড়াই কারখানার সীমানা প্রাচীর ভাঙচুর করেন।’

তবে অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা বলেন, ‘রাস্তা প্রশস্ত করার জন্য সিটি করপোরেশন থেকে ওই কারখানার সীমানা প্রাচীর ভাঙা হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেটও উপস্থিতি ছিলেন। আমার নিজের বাড়িও ভাঙা পড়বে।’