ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন বলেছেন, দেশে করোনাকালে ৪০ ভাগ মানুষ দারিদ্র্যের প্রান্তসীমায় চলে গেছে। অথচ ১১.৪ শতাংশ ধনী বৃদ্ধি পেয়েছে। এই অসমতা মুক্তিযুদ্ধের সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সমতার ঘোষণাকে অসার প্রমাণিত করেছে। গতকাল শুক্রবার ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। পরে বিকেলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রাশেদ খান মেনন বলেন, করোনাকালে যেখানে ৪০ ভাগ মানুষ দারিদ্র্যের প্রান্তসীমায় চলে গেছে, সেখানে বাংলাদেশে ধনী বৃদ্ধি পেয়েছে ১১.৪ শতাংশ হারে। এই অসমতা মুক্তিযুদ্ধের সামাজিক ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও সমতার ঘোষণাকে অসার প্রমাণিত করেছে। সরকার এই ক্রমবর্ধমান বৈষম্যের কথা স্বীকার না করলেও, এই বাস্তবতা দেশকে এক বিপদজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।