প্রধানমন্ত্রী যা বলেছেন বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তা মিথ্যাচারের এক কালো দলিল। তার ভাষণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জনগণ। কারণ, প্রধানমন্ত্রী যা বলেছেন বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘নিশিরাতের কর্তৃত্ববাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারের বর্তমান  মেয়াদে যুগপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্জলা মিথ্যাচার করেছেন। তার এই বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়। প্রধানমন্ত্রী দেশের তথাকথিত উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্য খাতের ইতিবাচক পরিবর্তন, আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ যেসব বক্তব্য দিয়েছেন তা মিথ্যাচারের কালো দলিল। দেশবাসী তার এই ভাষণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’