তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন: খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন ওই সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।

সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকানিদের পুনর্বাসনের দাবিতে শনিবার এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

হাইকোর্ট এলাকায় কদম ফোয়ারার সামনে আয়োজিত মানববন্ধনে সাঈদ খোকন বলেন, ‘তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।’

তার মতে, এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র সিটি করপোরেশন আইন-২০০৯, দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

ডিএসসিসির বিগত মেয়র বলেন, ‘তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে চলেছেন। আমি তাকে বলবো- রাঘববোয়ালের মুখে চুনোপুঁটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। তারপর চুনোপুঁটির দিকে দৃষ্টি দিন।’

এ সময় নিঃস্ব-অসহায় বৈধ ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফুলবাড়িয়া মার্কেটে সিটি করপোরেশন কর্তৃক যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে, আমি আগেও বলেছি এটা সম্পূর্ণভাবে অবৈধ।’

উল্লেখ্য, ডিএসসিসির মালিকানাধীন ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এ নকশাবহির্ভূত দোকান উচ্ছেদে গত ৮ ডিসেম্বর থেকে অভিযান চালানো হচ্ছে।

এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যবসায়ী ও শ্রমিকদের সংঘর্ষ হয়। ব্যবসায়ীদের দাবি, তারা করপোরেশনকে ভাড়া দিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন।

এদিকে অভিযান শুরুর পর অবৈধ দোকান বৈধ করে দেওয়ার নাম করে সাঈদ খোকন টাকা নিয়েছেন- এমন অভিযোগ ওঠে।

তবে আজকের মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, সাঈদ খোকন তাদের বৈধভাবে ব্যবসা করার সুযোগ দিয়েছেন। ফুলবাড়িয়া সুপারমার্কেট-২ এর দোকান মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ও নগর প্লাজা সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ দোকান বিক্রির নামে টাকা লোপাট করেছেন।