যুক্তরাষ্ট্রের সিনেটর লিসা মারকোভস্কি শুক্রবার প্রথম রিপাবলিকান চেম্বার সদস্য হিসেবে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
আলাস্কার এই নারী আইনপ্রণেতা বলেছেন, প্রেসিডেন্ট জাতির ‘যথেষ্ট ক্ষতি’ করেছেন। খবর: বাসস।
একজন রিপাবলিকান হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে লিসা বলেন, যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গাবাজদের ঢুকে পড়ার উসকানি দেওয়ার অভিযোগ সত্ত্বেও যদি তার দল ট্রাম্পের প্রতি অনুগত থাকে, তাহলে ভালোর জন্য তিনি তার পক্ষ ত্যাগ করতে পারেন।
অ্যাকহোরেজ ডেইলি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্টের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি তার পদত্যাগ চাই। আমি চাই তিনি সরে যান। তিনি জাতির যথেষ্ট ক্ষতি করেছেন।’
‘চলমান কভিড-১৯ কে তিনি গুরুত্ব দিচ্ছেন না। তিনি হয় গলফ খেলছেন, অথবা ওভাল অফিসে বসে ফুঁসছেন এবং তার অনুগত ও বিশ্বস্ত প্রত্যেক ব্যক্তিকে ছুড়ে ফেলছেন’ যোগ করেন তিনি।
রিপাবলিকান এই সিনেটর বলেন, ‘তিনি (ট্রাম্প) কেবল নিজের অহংকারের জন্য সেখানে থাকতে চান; তার বেরিয়ে যাওয়া উচিত। তার ভালো কাজ করা দরকার; তবে আমি মনে করি না যে, তিনি ভালো কিছু করতে সক্ষম।’
লিসা (৬৩) সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রিট কাভানউগের স্থায়ীকরণের বিরুদ্ধে ভেটো দেওয়াসহ বিভিন্ন বিষয়ে নিজের পার্টি এবং ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে সমর্থকদের তাণ্ডবের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
ডেমোক্র্যাট নেতাদের ইতোমধ্যেই দেওয়া এক চিঠিতে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছায় সরে না গেলে তার বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত তারা।
এমনকি বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অভিশংসন প্রক্রিয়া শুরু না করলে সেই প্রক্রিয়া তিনিই শুরু করবেন বলেও জানান হাউস স্পিকার।