লাবুশেনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে ওয়ার্ন-সাইমন্ডস

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেনকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন দেশটির দুই সাবেক তারকা। কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস যা নিয়ে বেশ বিপাকেই পড়ে গেছেন।

দুজনই বিগ ব্যাশ লিগে ধারাভাষ্য দেওয়ার জন্য বসেছিলেন মেলবোর্নে। ম্যাচ শুরুর আগে নিজেদের মধ্যে কথা বলার সময় খেয়াল করেননি চ্যানেলের হয়ে লাইভে ছিলেন তাঁরা। সেখানেই ঘটে বিপত্তি।

শুক্রবার ভারত ব্যাট করার সময় ওয়ার্ন বলেন, লাবুশেনকে বল করতে আনা উচিত। তার পাশেই ছিলেন সাইমন্ডস। তিনি বলেন, ‘ওর এডিডি আছে।’

‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’-কেই ছোট করে এডিডি বলেছেন সাইমন্ডস। অর্থাৎ এমন কোনো ব্যক্তি, যিনি সব সময় অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চান। এমন রোগেই আক্রান্ত লাবুশেন বলে মনে করেন সাইমন্ডস।

এই কথা যখন আলোচনা করছেন, অনুষ্ঠানটি তখন দেখানো হচ্ছিল চ্যানেলে। সেটা বোধ হয় জানতেন না দুই ধারাভাষ্যকার।

সিডনিতে অস্ট্রেলিয়ার টেস্ট চলছে বলে দেরিতে শুরু হওয়ার কথা ছিল বিগ ব্যাশ লিগের ম্যাচ। সেই ম্যাচের আগেই ঘটে এমন ঘটনা।

অস্ট্রেলিয়ার চ্যানেলের সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ক্ষমা চাইতে বাধ্য হয় সেই চ্যানেল।

টুইট করে তারা লেখে, ‘আমাদের প্রোগ্রাম আগেই শুরু হয়ে যায়, সেই সময় এমন কিছু বক্তব্য সামনে আসে যা গ্রহণযোগ্য নয়। চ্যানেল এবং ধারাভাষ্যকারদের পক্ষ থেকে আমরা ক্ষমাপ্রার্থী।’