যুক্তরাষ্ট্রকে ‘সবচেয়ে বড় শত্রু’ বললেন কিম

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, যুক্তরাষ্ট্র তার দেশের ‘সবচেয়ে বড় শত্রু’ এবং প্রেসিডেন্ট যে-ই হোক না কেন, পিয়ংইয়ংয়ের প্রতি ওয়াশিংটনের নীতির পরিবর্তন হবে, এমনটা তিনি আশা করেন না। কংগ্রেসে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উদ্দেশে কিম এসব কথা বলেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর উদ্ধৃতি দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

ওয়ার্কার্স পার্টির এই বিরল কংগ্রেসে কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও সামরিক শক্তি বৃদ্ধির প্রত্যয়ও ব্যক্ত করেছেন। পারমাণবিক সাবমেরিনের পরিকল্পনা প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব নেওয়ার প্রস্তুতির মধ্যেই কিমের কাছ থেকে এসব মন্তব্য এলো। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন সরকারের ওপর চাপ তৈরির প্রচেষ্টা হিসেবেই কিম এসব কথা বলেছেন। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের সুসম্পর্ক ছিল। যদিও তাতে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্পের ব্যাপারে খুব অল্প অগ্রগতিই এসেছিল।

উত্তর কোরিয়ার ইতিহাসে মাত্র অষ্টমবারের মতো ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কিম সেখানে বলেন, ‘বিরোধী শক্তি’ তাদের উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবহারের পরিকল্পনা না করলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা পিয়ংইয়ংয়ের নেই।