আগুয়েরোতে চোখ পিএসজির নতুন কোচের

পিএসজির নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাউরিসিও পচেত্তিনো প্রথম লক্ষ্য ঠিক করেছেন, ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে দলে ভেড়ানোর।

এ মৌসুম শেষে এক ঝাঁক তারকা ফুটবলার হয়ে যাবেন ‘ফ্রি এজেন্ট’। মানে বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হবে তাদের। সামনে গ্রীষ্মে চাইলে যে কোনো ক্লাব ফ্রি ট্রান্সফার ফি-তে তাদের দলে ভেড়াতে পারবেন।

এই ফ্রি এজেন্টদের তালিকায় লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, সার্জিও রামোসের মতো তারকারা আছেন। তাদের দল বদল নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এরই মধ্যে।

সিটির সঙ্গে আগুয়েরোর চুক্তি বাকি আর ৬ মাসের। এখনো ইংলিশ ক্লাবের সঙ্গে নতুন চুক্তিতে যাননি তিনি। তাই এ তারকাকে টার্গেট করেছেন পিএসজির নতুন কোচ পচেত্তিনো। সম্ভব হলে এ শীতেই স্বদেশি তারকাকে দলে চান পচেত্তিনো।

পচেত্তিনো যে আগুয়েরোকে টার্গেট করেছেন তা স্বীকার করেছেন তার মুখপাত্র ব্রুনো সেতিন। কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের সঙ্গে আগুয়েরোকে নিয়ে আক্রমণভাগ সাজানোর ইচ্ছা টটেনহ্যামের সাবেক কোচের।

সিটিতে সাপ্তাহিক ২৩ হাজার পাউন্ড বেতন পান আগুয়েরো। এত উচ্চ বেতন দেওয়ার মতো ক্ষমতা খুব কম দলেরই আছে। পিএসজির মতো হাতে গোনা কয়েকটি ক্লাবই এ বেতন দিতে পারে।

তাই আগামী মৌসুমে আগুয়েরোকে প্যারিসে দেখা গেলে সেটি অবাক করা কিছু হবে না।