‘খাদ্যে বিষক্রিয়ায়’ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাদ্যে বিষক্রিয়ায় এক ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার রাতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এলাকাবাসীর দাবি, অতিরিক্ত মদপানে ওই তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুমের ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু (৩২), মাসুমের গাড়িচালক জৈনপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৪০) ও মেঘনার কাদিরগঞ্জ এলাকার মহসিন মিয়া (২৩)। 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় জাহিদ, তোফাজ্জল, মহসিন, জিসান, রিফাত, রাহিম, সুমন, সারোয়ার একত্রিত হয়ে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সেখানেই চিকিসাধীন অবস্থায় জাহিদ, তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। বাকিরা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, কীভাবে তাদের মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই সেটি জানা যাবে।