বিএসএমএমইউ

৯ মাসে ৯৬ হাজার করোনার নমুনা পরীক্ষা

গত ৯ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৯৬ হাজারেরও বেশি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময় জ্বর, সর্দি-কাশিতে আক্রন্ত ৭০ হাজারের বেশি রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি কেবিন ব্লকে পাঁচ হাজারের বেশি করোনা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিএসএমএমইউ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বর্তমান প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় ও চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখতে ফিভার ক্লিনিক, করোনাভাইরাস ল্যাবরেটরি (পিসিআর ল্যাব), করোনা সেন্টার, কভিড-১৯ ফলোআপ ক্লিনিক, বিশেষজ্ঞ হেলথ লাইন, হেলপলাইন, অনলাইন সেবাসহ চিকিৎসাসেবা সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কার্যক্রম চালু করা হয়।

এতে আরও বলা হয়, গত বছরের ১ এপ্রিল শাহবাগের বেতার ভবনে করোনাভাইরাস ল্যাবরেটরি চালু করা হয়। এই ল্যাবে এ পর্যন্ত ৯৬ হাজার ২৭ জন রোগীর পরীক্ষা হয়েছে। গত বছর ২১ মার্চ বেতার ভবনে জ্বর, সর্দি-কাশির রোগীদের জন্য ফিভার ক্লিনিক চালু হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত সেখানে ৭০ হাজার ৪০০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি কেবিন ব্লকে গত ৪ জুলাই চালু করোনা সেন্টারে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ৪৭৮ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোগী ভর্তি হয়েছেন ৩ হাজার ৩১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭৬২ জন। বর্তমানে ভর্তি আছেন ১২৮ জন করোনা রোগী। পজিটিভ রোগীর সংখ্যা আইইডিসিআর-কে জানিয়ে দেওয়া হচ্ছে।