খোকনের বক্তব্যকে ‘ব্যক্তিগত আক্রোশ’ হিসেবে দেখছেন তাপস

দুর্নীতিতে জড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিগত মেয়র সাঈদ খোকনের দেওয়া বক্তব্যকে ‘ব্যক্তিগত আক্রোশ’ হিসেবে দেখছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ‘কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না।’

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রবিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাপস এ কথা বলেন।

স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন- এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ‘এটা ওনার ব্যক্তিগত অভিমত। এটার কোনো গুরুত্ব বহন করে না।’

এছাড়া কর্মীদের বেতন দিতে না পারার বিষয়ে ডিএসসিসির মেয়র বলেন, ‘এটা ভ্রান্ত কথা। এমন বক্তব্যের বাস্তবিক কোনো ভিত্তি নেই।’

শনিবার রাজধানীতে এক মানববন্ধনে সাঈদ খোকন বলেন, ‘তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।’