আশুলিয়ার কাঠগড়া এলাকায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে একটি ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের তার ও মেশিন লুটপাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহিন পালোয়ান ও তার বাহিনীর বিরুদ্ধে।
শনিবার রাতে ঘটনাটি জানিয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মানিক পালোয়ান।
এর আগে সকালে তার মালিকানাধীন এমএম ক্যাবল কোম্পানির ডিশ লাইন সংযোগ দেয়ার তার ও মেশিনসহ প্রায় ৫০ হাজার টাকা মালামাল লুট করে নিয়ে যায় অভিযুক্তরা। এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন আশুলিয়া থানার এসআই শাহিন মিয়া।
অভিযুক্তরা হলেন- ঢাকার ধামরাই উপজেলার কালামপুর গ্রামের মো. খোকার ছেলে ও শাহিন পালোয়ানের ভাগনে মো. পুলক (২৫), সাভার উপজেলার কাঠগড়া এলাকার নুর ইসলামের ছেলে মো. পাপ্পু (২৪), আলী আহম্মেদের ছেলে মো. জিসান (২৫), তোতা মিয়া পালোয়ানের ছেলে মো. কাউছার (২৭) অজ্ঞাতনামা ৪-৫ জন।
অভিযোগকারী মানিক পালোয়ান বলেন, আমি দীর্ঘদিন ধরে কাঠগড়া এলাকায় শান্তিপূর্ণভাবে ব্যবসা করছি। কিন্তু গত কয়েক দিন ধরে স্থানীয় ইয়াবা সম্রাট এবং সন্ত্রাসী শাহিন পালোয়ান ও তার লোকজন প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। তার দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় আমাদের ডিশ লাইনের তার ও মেশিন কেটে নিয়ে গেছে এবং ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে তবে শাহিন পালোয়ান বলেন, আমি দীর্ঘদিন মানিকের ডিশলাইন ভাড়ায় ব্যবহার করেছি কিন্তু এখন আমার বাড়িতে আমি নিজেই লাইন সংযোগ দিয়েছি এবং এই ব্যবসাও এখন থেকে নিজেই করবো। তিন মাস ধরে সময় দেয়া হলেও তারগুলো সরিয়ে না নেওয়ায় আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি। এ ছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এর মধ্যে পুলক আমার ভাগনে এবং বাকিরাও আমাদেরই আত্মীয়স্বজন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা উভয় পক্ষকে বিকেলে বসে ঘটনাটি স্থানীয়ভাবে সমাধান করবে বলে সময় নিয়েছে। যদি তারা সমাধানে আসতে না পারে সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।