জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ফর্মড পুলিশের উদ্যোগে সুদানের দারফুরে এক মিনি ম্যারাথনের আয়োজন করা হয়।
রবিবার সুদানের স্থানীয় সময় সকাল ৭টায় এল্ফশার সুপার ক্যাম্পে কর্মরত ১৭টি দেশের প্রায় ১২০ জন দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
মিনি ম্যারাথনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উনামিড পুলিশ চিফ অফ স্টাফ মেজর জেনারেল আহমাদো মান্না। তিনি উদ্বোধনী বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তিনি বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের কমান্ডার আব্দুল হালিমকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের অপারেসনস অফিসার মাসুক মিয়া পিপিএম জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ইতিপূর্বে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।