উইন্ডিজের জন্য বিশেষ করোনা প্রটোকল

আন্তর্জাতিক ক্রিকেট দলের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের আবেশ ফিরল বাংলাদেশে। দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে গতকাল ঢাকায় পা রেখেছে উইন্ডিজ দল। টেস্ট, ওয়ানডে দলের সব ক্রিকেটার এবং স্টাফসহ মোট ৪০ জনের দল গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছেন। বিমানবন্দর থেকে করোনা প্রটোকল মেনে সরাসরি রাজধানীর হোটেল সোনারগাঁওতে উঠেছেন ক্যারিবিয়ানরা। এ হোটেলেই আগামী তিনদিন কোয়ারেন্টাইনে থাকবেন তারা।

করোনাভাইরাসের সময়ে প্রথম আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে একটু বেশিই সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ানদের জন্য নির্দিষ্ট করোনা প্রটোকল তৈরি করেছে বিসিবি। সে অনুযায়ী গতকালই উইন্ডিজ ক্রিকেটার ও স্টাফদের প্রথম করোনা টেস্ট করানো হয়েছে বলে জানিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। ৭২ ঘণ্টার মধ্যে করানো হবে দ্বিতীয় টেস্ট। এই তিন দিন হোটেলরুমে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্যারিবীয়দের। চতুর্থ দিন থেকে দুবার করোনা নেগেটিভ আসা সাপেক্ষে উইন্ডিজ দল মিরপুরে অনুশীলন শুরু করতে পারবে। কোয়ারেন্টাইনের চারদিন পর অর্থাৎ অতিথিরা ঢাকায় পৌঁছানোর সপ্তম দিন তৃতীয় করোনা টেস্ট হবে তাদের। এরপর নেট অনুশীলনে স্থানীয় বোলারদের পাবেন তারা।

সফরের সময় ক্যারিবীয়দের কেউ করোনা পজিটিভ হলে তার জন্যও আছে আলাদা ব্যবস্থা। যদি খুব বেশি শারীরিক সমস্যা না থাকে, তাহলেও সেই ক্রিকেটারকে আইসোলেশনেই রাখা হবে। তবে প্রয়োজনে হাসপাতালে নেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রামে দুটি হাসপাতাল ঠিক করে রেখেছে বিসিবি।

করোনার সময়ে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের পর বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় সিরিজ খেলবে উইন্ডিজ। অন্যদিকে বাংলাদেশের এটি প্রথম সিরিজ। ২০ জানুয়ারি থেকে তাদের সঙ্গে ওয়ানডে সিরিজ দিয়ে ২০২০-২৩ আইসিসি ওয়ানডে সুপার লিগে পা রাখবে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ র‌্যাংকিং অনুসারে সরাসরি খেলার যোগ্যতা পেলেও, সাবেক চ্যাম্পিয়ন উইন্ডিজকে বাছাইপর্ব পেরিয়ে খেলতে হয়।