নাটকের পাশাপাশি সিনেমায়ও দর্শকের মন কেড়েছেন রুনা খান। জিতেছেন একাধিক পুরস্কারও। এ অভিনেত্রীকে মূল ভূমিকায় রেখে পঙ্কজ পালিত নির্মাণ করছেন ‘একটি না বলা গল্প’। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই।
৮ জানুয়ারি শুরু হয়েছে ছবির শুটিং। এটি পঙ্কজ পালিত পরিচালিত প্রথম চলচ্চিত্র। এখানে আরিফা চরিত্রে দেখা যাবে রুনাকে। তবে পঙ্কজ পালিতের সঙ্গে এটাই প্রথম কাজ নয় তার। এর আগে সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন পঙ্কজ। ওই ছবির ময়মুনা চরিত্রে অভিনয় করেছেন রুনা।
এ প্রসঙ্গে রুনা খান বলেন, “এর আগে ‘ছিটকিনি’ নামক একটি সিনেমায় কাজ করেছিলাম যার সিমোটোগ্রাফি করেছিলেন পঙ্কজ পালিত। ‘একটি না বলা গল্প’ তারই প্রথম সিনেমা। গল্পটা এক কথায় খুবই ভালো, আমার চরিত্রটাও চমৎকার। সব মিলিয়ে কাজটিও খুব ভালো হচ্ছে, যে কারণে কাজটি করতে ভীষণ ভালো লাগছে।”
সোমবার রুনা খানের জন্মদিন। এবারই প্রথম তিনি পরিবারের বাইরে জন্মদিনের সময়টা কাটাবেন। কারণ নবাবগঞ্জের দোহারে ‘একটি না বলা গল্প’র কাজ নিয়েই ব্যস্ত থাকতে হবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
‘ছিটকিনি’ ছাড়াও এর আগে হালদা, কালো মেঘের ভেলা, গহীন বালুচর ও সাপলুডু সিনেমায় অভিনয় করেন রুনা খান।