গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কম্পিউটার চুরির ঘটনায় অভিযুক্ত পলাশ শরিফকে গ্রেপ্তারের পর মামলার তদন্ত নতুন মোড় নিয়েছে। পলাশকে নিয়ে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে গোপালগঞ্জ থেকে পাঁচজনকে এবং ঢাকা থেকে দুজনকে এবং সর্বশেষ পলাশ শরিফকে রবিবার মাদারীপুরের টেকেরহাট থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, পুলিশ চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকও আটক করেছে।
গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা ও গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান জানান, পলাশ এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরিসহ দেশে এমন নানান ঘটনার সঙ্গে সম্পৃক্ত।
অন্যদিকে কম্পিউটার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পলাশ শরীফকে গোপীনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ থেকে সম্প্রতি সাময়িক বহিষ্কার করা হয়।
প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে গত ঈদুল আজহার ছুটিতে ৪৯টি কম্পিউটার চুরি হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১০ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়।
পরবর্তীতে গত ১৩ আগস্ট রাতে রাজধানীর বনানীর হোটেল ক্রিস্টাল ইন থেকে ৩৪টি কম্পিউটারসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।