নাটোরের সিংড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই ছাত্রকে মারপিট করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে ওই আদেশ দেন নাটোর আদালত।
ভুক্তভোগী দুই ছাত্র গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ি এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলার বিলদহর বাধপাড়ার কদমের ছেলে শামিম ওরফে কাছিম ও নতুনপাড়ার সিদ্দিকের ছেলে করিম আলী। সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূরে আলম জানান, মামলায় বাদী অভিযোগ করেছেন রোববার সকাল ১১ টার দিকে সাগর ও অন্তর অটোভ্যান যোগে বিলদহর বাজারে আসছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে শামিম ও করিমসহ পাঁচজন ভ্যান থেকে দুজনকে টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করে। এ সময় বাধা দিতে এলে স্থানীয় রোকেয়া নামে এক নারীকেও তারা মারপিট করে। ঘটনার সময় আসামিরা ভুক্তভোগী সাগরের পকেটে থাকা দুই হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয়রা আসলে আসামিরা স্থান ত্যাগ করে।
অপর এক প্রশ্নের জবাবে ওসি ও তদন্ত কর্মকর্তা জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।