নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের ব্যর্থতায় কোচ মিসবাহ-উল-হকের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছে। মিসবাহ নিজের ভাগ্য কর্তৃপক্ষের ওপর ছেড়ে দিয়েছেন।
পাকিস্তান দলের কোচ হিসেবে ১৫ মাস ধরে দায়িত্ব সামলাচ্ছেন মিসবাহ। এই সময়ে তিনটি অ্যাওয়ে টেস্ট সিরিজের সব কটিতেই হেরেছে পাকিস্তান। সর্বশেষ ব্যর্থতার জন্য কিউইদের করোনা আইসোলেশনের কড়াকড়িকে দায়ী করেছেন মিসবাহ।
দেশটির সাবেক এই অধিনায়ক বলেন, ‘মঙ্গলবার আমি ক্রিকেট কমিটির কাছে এই বিষয়ে ব্যাখ্যা দিতে যাব। তারাই বোর্ডকে পরবর্তী করণীয় বিষয়ে পরামর্শ দেবে।’
টেস্টে শোচনীয় পরাজয়ের পর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও হেরে এসেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজটি ১-২ ব্যবধানে পরাজিত হয়ে মিসবাহর শিষ্যরা। তার অধীনেই এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান।
৬ ক্রিকেটারের করোনা পজিটিভের মধ্যেই নিউজিল্যান্ড সফর শুরু হয় পাকিস্তানের। নিউজিল্যান্ডে পৌঁছানোর পরই তাদের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। ফলে হোটেলেই অবরুদ্ধ হয়ে যায় গোটা দল।
পরে করোনা শৃঙ্খলা ভাঙার দায়ে সতর্কও করে দেওয়া হয় পাক ক্রিকেট দলের সদস্যদের। মিসবাহ বলেন, ‘আমাদের ঘরের মধ্যেই কাটাতে হয়েছে ১৮ থেকে ১৯দিন। এ সময় আমরা কিছুই করতে পারিনি। ঘরের মধ্যেই আমরা আবদ্ধ ছিলাম এবং সেখানেই হাঁটাহাঁটি করেছি। শুধু আমরা নই, করোনাকালে সফর করতে গিয়ে সব ক্রিকেট দলকেই সমস্যায় পড়তে হয়েছে। আপনি দেখবেন সেখানে বেশ ইনজুরি সমস্যা দেখা দিচ্ছে এবং পারফরম্যান্সের উত্থান-পতন ঘটছে।’