মহামারির কারনে এসিআরে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন লাগবে না

করেনাভাইরাস মহামারির কারনে এবার সরকারি কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) ফরমে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন যুক্ত করার বাধ্যবাধকতা রাখা হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  

এতে বলা হয়েছে, বিদ্যামান কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদন গ্রহণের আবশ্যকতা থেকে অব্যাহতি প্রদান করা হল।

সরকারি চাকুরেদের মধ্যে নবম ও এর উপরের গ্রেডের কর্মচারীদের প্রতি বছর এসিআর জমা দিতে হয়। এবার থেকে নৈতিকতা ও সততাকে প্রাধান্য দিয়ে এসিআরের নতুন ফরম চালু করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পাশাপাশি ২০১২ সালে প্রণীত অনুস্বাক্ষর লিখন, প্রতিস্বাক্ষর ও সংরক্ষণ সংক্রান্ত অনুশাসনমালা বাতিল করে নতুন অনুশাসনমালা জারি করা হয়েছে।

জারিকৃত নতুন অনুশাসনমালা ও ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।