গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস কান্ট্রি’ বাংলাদেশ

১৬ জানুয়ারি বসবে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫১ তম আসর। ৯ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৪ জানুয়ারি। এবারের এই চলচ্চিত্র উৎসবটি বাংলাদেশের জন্য বাড়তি কিছু। কারণ, আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ হিসেবে বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের নাম। খবর ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিন বাংলার।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। বাংলাদেশের সিনেমা, সংস্কৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হবে উৎসবে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসকে সবার সামনে আরো বেশি করে তুলে ধরার জন্যই বাংলাদেশকে এবার চলচ্চিত্র উৎসবে ফোকাস দেশ হিসেবে রাখা হয়েছে। 

এবারের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৪টি সিনেমা দেখানো হবে। সেগুলো হলো ‘জীবনঢুলি’, ‘মেঘমল্লার’, ‘আন্ডার কন্সট্রাকশন’ ও ‘ইতি তোমারই ঢাকা’।

সাধারণত নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত হয়ে থাকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু এবার মহামারি করোনাভাইরাসের জন্য পিছিয়েছে অনুষ্ঠানটি।

এদিকে উৎসবে বাংলাদেশি পরিচালক রুবাইয়াত হোসেন বিচারকের দায়িত্ব পালন করবেন। প্রথমবারের মতো বাংলাদেশি কেউ সেখানকার বিচারকের দায়িত্ব পেলেন।

উৎসবে বিচারক প্যানেলের সভাপতিত্ব করবেন আর্জেন্টাইন পরিচালক পাবলো সিজার। রুবাইয়াত হোসেন ছাড়াও বিচারক হিসেবে এখানে আরো থাকবেন শ্রীলঙ্কার প্রসন্ন ভিথাঞ্জে, অস্ট্রিয়ার আবু বকর শাওকি ও ভারতের প্রিয়দর্শন। সারা বিশ্ব থেকে ২২৪টি চলচ্চিত্র নিয়ে এ উৎসব শুরু।