পারিবারিক কলহের জের স্বামীকে বঁটির কোপ স্ত্রীর

নারায়ণগঞ্জে রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গত রবিবার রাতে উপজেলার মাঝিনা নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আহম্মেদ আলী ওই এলাকার মৃত বাছেদের ছেলে। এ ঘটনায় গতকাল আলী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, ১২ বছর আগে আলীর সঙ্গে মাঝিনা এলাকার মিছির আলী মেম্বারের মেয়ে বীথি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর থেকেই বীথি ও আলীর মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া-বিবাদ হতো। রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে বীথি, তার বোন নাজিমা বেগম ও কারিমা আক্তার এলোপাতাড়ি আলীকে পেটান। একপর্যায়ে বীথি বঁটি দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। আলীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বীথি ও তার বোনেরা চলে যান। পরে পরিবারের লোকজন আহম্মেদ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।