শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আইনি নোটিস

আগামী ১৬ জানুয়ারির পর ছুটি আর না বাড়িয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল সোমবার শিক্ষা সচিব ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী এ নোটিস পাঠান। এতে বলা হয়, কভিড-১৯-এর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে মোট ১১ বার স্কুল বন্ধের তারিখ বাড়ানো হয়েছে। সর্বশেষ ২০ ডিসেম্বর সময় বাড়ানো হয়। তখন ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়। তাই ১৬ জানুয়ারির পর আর মেয়াদ না বাড়াতে নোটিসে অনুরোধ করা হয়।