সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা গ্রহণের বিষয়ে আদেশ ১৯ জানুয়ারি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ঢাকার মহানগর হাকিম আদালতে করা মানহানির মামলার আবেদনের বিষয়ে ১৯ জানুয়ারি আদেশ দেওয়া হবে।

ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী মঙ্গলবার এই দিন ধার্য করে দেন বলে এ আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া জানান।

ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের মানহানির অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী সারোয়ার আলম এবং হাতিরপুলের ভুতেরগলির বাসিন্দা কাজী আনিসুর রহমান নামের দুই ব্যক্তি সোমবার মামলার আবেদন করেন।

ওই দিন সারোয়ার আলম বলেন, মেয়র শেখ ফজলে নূর তাপস সম্পর্কে ৯ জানুয়ারি সাঈদ খোকন মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা গণমাধ্যমে প্রচারিত হয়েছে। যে কারণে তিনি সংক্ষুব্ধ হয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

এর আগে একই দিন সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে। আমি এ ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি।’

সাঈদ খোকনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘মার্কেটসংক্রান্ত কিছু তথ্য বেরিয়ে এসেছে। সেখানে বিভিন্নভাবে টাকা লেনদেন হয়েছে। যাদের সঙ্গে টাকা লেনদেন হয়েছে, যারা লেনদেন করেছেন, তারাই অভিযোগ এনেছেন। ...আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে অথবা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই কোনো অভিযোগ আনিনি।’

প্রসঙ্গত, শনিবার রাজধানীতে এক মানববন্ধনে সাঈদ খোকন বলেছেন, ‘তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।’