কেরানীগঞ্জে আবর্জনার স্তূপে বিকাশ ব্যবসায়ীর লাশ

ঢাকার কেরানীগঞ্জে মো. রিপন আহমেদ (২৭) নামে এক বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ।

সোমবার রাত একটার সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন করের গাও রোডে রতনের খামারের সামনে আবর্জনার স্তূপ থেকে লাশটি উদ্ধার করা হয়।

রিপনের ছোট ভাই রায়হান আহমেদ জানান, তাদের বাবার নাম ইদ্দিস আলী, তারা দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাওয়ের আউরাহাটি এলাকায় থাকে। তার ভাই পূর্ব বন্দ ডাকপাড়া এলাকায় বিকাশ ও মোবাইল ফ্ল্যাক্সি লোডের ব্যবসা করতেন।

সোমবার রাত ১১টা সময় আমার ভাইয়ের ফোন থেকে কে বা কাহার ফোন দিয়ে বলে এই লোকটিকে (ফোনের মালিককে) চেনেন কিনা? ওনার মরদেহ করের গাও রোডে পড়ে আছে। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে রায়হান আত্মীয়-স্বজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে তার ভাইয়ের লাশ দেখতে পেয়ে থানা-পুলিশে খবর দেয়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। রায়হানের দাবি, কে বা কারা তার ভাইকে হত্যা করে এখানে ফেলে গেছে।

 দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রাজীব জানান, রিপনের পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও সেই সঙ্গে রিপনের মোটরসাইকেল (ঢাকা মেট্রো হ ৬০-৫৯৪৫) উদ্ধার করা হয়। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।