বঙ্গবন্ধুর ভাস্কর্য-ম্যুরাল রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে: পুলিশ সদর দপ্তর

বঙ্গবন্ধুর ১ হাজার ২২০টি ভাস্কর্য-ম্যুরাল রক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার হাইকোর্টে জমা দেওয়া একটি প্রতিবেদনে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার প্রতিবেদনটির বরাত দিয়ে জানান, দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোট এক হাজার ২২০টি ভাস্কর্য ও ম্যুরাল আছে এবং সেখানে আইন প্রয়োগকারী সংস্থা চব্বিশ ঘণ্টা মোতায়েন আছে।

পুলিশ সদর দপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদন জমা দেয়। এর আগে, গত বছর ৭ ডিসেম্বর হাইকোর্ট এ প্রতিবেদন চেয়ে একটি আদেশ জারি করেছিলেন।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের সঙ্গে সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে পরবর্তী আদেশ দিতে হাইকোর্ট বেঞ্চ আগামী ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম কোর্টের আইনজীবী বশির আহমেদের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৭ ডিসেম্বর হাইকোর্ট বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ও ম্যুরালের নিরাপত্তার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।