অর্থ পুরস্কারের লোভে কাশ্মীরে জঙ্গি সাজিয়ে তিন বেসামরিক লোককে হত্যা করে এক ভারতীয় সেনা কর্মকর্তা। দেশটির পুলিশের তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে।
সোমবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর দিয়ে ডেইলি সাবাহ।
বন্দুকযুদ্ধের নামে নিরস্ত্র তিন কাশ্মীরিকে হত্যার দায়ে ক্যাপ্টেন ভুপেন্দ্র সিং নামে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের তদন্ত টিম।
ভুপেন্দ্র এবং তার দুই বেসামরিক সহযোগীর দাবি, নিহত তিন কাশ্মীরি সশস্ত্র ছিল। তবে পুলিশের চার্জশিটে ওঠে আসে, ওই তিন কাশ্মীরি ছিল নিরস্ত্র। ভুপেন্দ্র তাদের মরদেহের ওপর অস্ত্র ফেলে তাদের জঙ্গি সাজায়।
জঙ্গি দমন অভিযানের বিশ লাখ রুপি পুরস্কার পেতে জঙ্গি সাজিয়ে ওই তিন কাশ্মীরিকে হত্যা করা হয় বলে পুলিশের তদন্তে উঠে আসে।
গত বছরের জুলাইতে পেশায় শ্রমিক ওই তিন কাশ্মীরিকে হত্যা করে ভুপেন্দ্র। ডিসেম্বরের শেষে এ ঘটনার চার্জশিট দেয় পুলিশ।
১৯৮৯ সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় বড় ধরনের হত্যাকাণ্ডের পর ভারত সরকার ঘোষণা দেয় যে, কোনো জঙ্গিকে হত্যা করলে ২০ লাখ রুপি পুরস্কার দেওয়া হবে। তবে অধিকার কর্মীরা ভারত সরকারের এ নীতির সমালোচনা করে আসছে। এমন নীতি কাশ্মীরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড উসকে দিচ্ছে বলে তাদের অভিযোগ।