ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক মেয়র সাঈদ খোকনের মধ্যকার মতপার্থক্য সময়েই কেটে যাবে বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
তাজুল বলেন, সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের দায়িত্ব পালনকালে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। জানতে পেরেছি বিষয়টি নিয়ে মামলা হোক, তা শেখ ফজলে নূর তাপস চাননি। এই মামলা প্রত্যাহার করবেন বলে আমি সংবাদ পেয়েছি।
সাবেক-বর্তমান দুই মেয়রের দ্বন্দ্বে আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুণ্ন হবে না বলেও মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল।
এ নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির অযৌক্তিক কোনো ইস্যু অথবা নেতিবাচক মন্তব্য দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি বৃহৎ দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নেতৃত্বে দিচ্ছেন। দুই মেয়রের মধ্যে মতপার্থক্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান এবং নওগাঁ জেলা পরিষদের সদস্য নিপন বিশ্বাস এদিন শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ।