করোনা বিরতি কাটিয়ে ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ সামনে রেখে অনুশীলনও শুরু হয়ে গেছে টাইগারদের। জৈব সুরক্ষা বলয়ে থেকে মঙ্গলবার তৃতীয় দিনের মতো প্রস্তুতি সেরেছে স্বাগতিক দল।
অনুশীলন শেষে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন প্রকাশ করেছেন নিজের ভালোলাগা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক সিরিজে ফিরবেন বলে খুশি ২৪ বছর বয়সী তারকা। আর তার আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে সাকিব আল হাসানের ফেরা। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব।
মঙ্গলবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলছিলেন, ‘অনেক খুশির ব্যাপার, যা প্রকাশ করার মতো না। ঘরবন্দী ছিলাম, এর মধ্যে ঘরোয়া ক্রিকেট খেললাম। জাতীয় দলে খেলা সব সময়ই গর্বের। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মাঝে সাকিব ভাই এক বছর পর ফিরে এসেছেন। যে কারণে ভালো লাগাটা অন্য রকম। যেহেতু ঘরের মাঠে খেলা, তাই বাড়তি উদ্দীপনা জোগাচ্ছে।’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে গোড়ালির চোটে পড়েছিলেন সাইফউদ্দিন। সেই ইনজুরি কাটিয়ে শেষ দিকে খেলেন টুর্নামেন্টে। তবে টুর্নামেন্ট শেষে এমআরআই করিয়ে জানতে পারেন তার চোট পুরোপুরি সারেনি।
তাই পুনরায় পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে সাইফউদ্দিনকে। তবে এখন অনুশীলন করতে পারছেন পুরোদমেই। ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে তাই কোনো বাঁধা দেখছেন না এই অলরাউন্ডার। তবে দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
সাইফউদ্দিন বলেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ- এই দুইটা টুর্নামেন্টে আমাদের পেস বোলাররা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। যার কারণে সেরা একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে গেছে। এ জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। বাকিটা আল্লাহর হাতে।’