আমি দায়িত্ব নেয়ার আগেই মুধমতি ব্যাংকে ডিএসসিসির টাকা ছিল: তাপস

দায়িত্ব নেয়ার আগেই মধুমতি ব্যাংকের সঙ্গে সিটি করপোরেশনের ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন অতি উৎসাহী কিছু ব্যক্তি করেছেন। মামলার আবেদন প্রত্যাহার করতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে নগরভবনে সাকরাইন (ঘুড়ি উৎসব) নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এসব বলেন। মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাপস বলেন, গতকাল (সোমবার) যে দুটি মামলার আবেদন হয়েছে, তার সঙ্গে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। সেগুলো অতি উৎসাহী কিছু ব্যক্তি অনুমতি ছাড়াই করেছেন।

মেয়র তাপস বলেন, ‘পাল্টাপাল্টি বক্তব্য আসলে হাস্যকর হয়ে গেছে। এ বিষয়ে কথা বলা সমীচীন নয়। কারণ, আমি একটি দায়িত্বশীল পদে রয়েছি। অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন। দায়িত্বশীল পদে যিনি থাকেন, তাকে নিয়ে নানা মন্তব্য আসতে পারে। সব মন্তব্য তো আর গুরুত্ব বহন করে না। সেটার পরিপ্রেক্ষিতে মন্তব্য করাও সমীচীন না।’

তিনি বলেন, ‘সাবেক মেয়র আমাকে ব্যক্তিগতভাবে আক্রোশের বশবর্তী হয়ে যে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন, সেটা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়। এটা আমি উল্লেখ করেছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা পর্যালোচনা করছি। ভবিষ্যতে প্রয়োজনবোধ করলে মামলা হতে পারে। সেটাই আমি বলেছি।’

মধুমতি ব্যাংকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মধুমতি ব্যাংকে টাকা হস্তান্তর নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে, তা বিভ্রান্তিকর। মধুমতি ব্যাংক সাত বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। আমি দায়িত্ব গ্রহণের আগেও মধুমতি ব্যাংকের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবসায়িক বা সেবামূলক লেনদেন ছিল। আমানত হিসেবে দক্ষিণ সিটির অর্থ মধুমতি ব্যাংকে ছিল, এখনো আছে।’