মেডিকেল কলেজের শিক্ষদের অবসরের বয়স সীমা ৬৫-৭০ চান জাফরুল্লাহ চৌধুরী

মেডিকেল কলেজের শিক্ষকদের অবসরের বয়সের সীমা ৬৫ থেকে ৭০ বছরে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেশের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে পরিচিত করার বিষয়ে গুরুত্ব আরোপ করে গ্রামীণ হাসপাতালগুলোকেও প্রশিক্ষণ হাসপাতাল হিসেবে স্বীকৃতি  দেওয়ারও প্রস্তাব দেন তিনি।

মঙ্গলবার রাজধানীর ধানমণ্ডিতে  গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নবগঠিত গভর্নিং বডির ১ম সভায় তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যবিধি মেনে এই সভার আয়োজন করা হয়।

সভায় আলোচকরা মেডিকেল কলেজের শিক্ষক নিয়োগ, ছাত্র-ছাত্রীর আসন সংখ্যা ৫০ থেকে ১১০-এ উন্নতীকরণ, শিক্ষক নিয়োগ, এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থী ভর্তি, চাকরিবিধি, অর্থ ব্যবস্থাপনা ও মেডিকেল কলেজের মানোন্নয়ন প্রসঙ্গে আলোচনা করেন।

গণ-বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের নিওনেটাল সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আব্দুল হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব অধ্যাপক ডা. মেসবাহ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. আবুল কাশেম চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা ও ড. এস তাসাদ্দেক আহমেদ।