শীতার্ত মানুষের পাশে সেনাপ্রধান

সেনাবাহিনীপ্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল মঙ্গলবার ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চল পরিদর্শনকালে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তিনি ঘাটাইল এলাকার সাধারণ মানুষের জন্য সেনাবাহিনী পরিচালিত চিকিৎসাসেবা কার্যক্রমও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনীপ্রধানের সঙ্গে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, ‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্রে দীক্ষিত দেশমাতৃকার সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী কভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রতিবছরের মতো এবারও শীতকালীন প্রশিক্ষণে অংশ নিয়েছে।