জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি ভোরে বিএনপির কেন্দ্রীয় ও সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবেন দলের নেতাকর্মীরা। জন্মবার্ষিকী উপলক্ষে দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ করা হবে। এছাড়া বিএনপির উদ্যোগে ঢাকায় বিকেল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা হবে।

তিনি আরও বলেন, শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে শহীদ জিয়ার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শন এবং বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করবে।