ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে একই সংস্থার সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলার আর্জির ওপর আদেশের জন্য ১৯ জানুয়ারি ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ বিষয়ে আদেশের জন্য এই তারিখ ঠিক করে দেন। গত সোমবার মো. সারওয়ার আলম নামে এক আইনজীবী ও কাজী আনিসুর রহমান নামে এক ব্যক্তি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ দুটি মামলার আবেদন করেন। আর্জিতে দণ্ডবিধির ৫০০ ধারায় অভিযোগ এনে ক্ষতিপূরণ চাওয়া হয়। গত শনিবার রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান ও প্রেস ক্লাবসংলগ্ন কদম ফোয়ারার সামনে এক মানববন্ধনে সাঈদ খোকন বলেন, ‘ডিএসসিসির মেয়র পদে থাকার অযোগ্য শেখ ফজলে নূর তাপস।’