বেতন-ফি মওকুফসহ ৮ দফা দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ, ছাত্র-শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন, স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা করাসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন।

বুধবার ঢাকাসহ দেশের অন্তত ১০টি স্থানে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভে প্রীতিলতা ব্রিগেড, সাংস্কৃতিক ইউনিয়নের কর্মীরাও অংশ নেন।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন। বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, জগন্নাথ সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন, দপ্তর সম্পাদক আসমানি আশাসহ আরও অনেকে।

একই দাবিতে রাজধানীর ডেমরাতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। থানা সংসদের আহ্বায়ক মাহমুদুল হাসান আরিয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখনে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল, ঢাকা মহানগর সংসদের স্কুলছাত্র বিষয়ক সম্পাদক প্রিজম ফকির প্রমুখ।

ডেমরার সমাবেশে অংশগ্রহণ করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল। সমাবেশ তিনি বলেন, করোনায় দেশের নিম্ন আয়ের মানুষ বিপর্যস্ত। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের নিকট থেকে উচ্চ ফি আদায় করছে। নামে বেনামে ফি নির্ধারণ করে ছাত্রদের ওপর নিপীড়ন চালাচ্ছে। অবিলম্বে এসব ফি আদায় বন্ধ করতে হবে।

সমাবেশে তিনি ৮ দফা দাবি তুলে ধরেন। বেতন-ফি মওকুফ ছাড়া বাকি দাবিগুলো হলো- বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা, সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ কর, পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকীকরণ বন্ধ, আবাসিক হলগুলো খুলে দেয়া, শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করে পরীক্ষা নেওয়া, অছাত্র-সন্ত্রাসীদের হল থেকে বিতাড়ন, সকল বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ ও অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভ্যাকসিন নিশ্চিত করা।

নিউ মার্কেট এলাকাতে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। থানা সংসদের আহ্বায়ক শোভন হাসান ইমনের সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল ইসলাম অয়নের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সংসদের সহসভাপতি বিএম জোবায়ের প্রধান।

এদিকে সাভারে রানা প্লাজার সামনে ঢাকা জেলা সংসদ কর্মসূচি পালন করে। জেলা কমিটির সহসভাপতি আমিনুল ইসলাম শাকিলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ রেদোয়ান, সাভার থানার কোষাধ্যক্ষ সৈকত ইসলাম সৈয়দ, ধামরাই উপজেলার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলার আহ্বায়ক মাহবুবুর রহমান। 

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর, গাজীপুর, খুলনা, রাঙামাটি, বরিশালের উজিরপুরেও একই দাবিতে কর্মসূচি পালন করেছেন ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীরা।