স্বপ্নের মতো টেস্ট অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। ইংল্যান্ডের বিপক্ষে ২০১৬ সালে দুই টেস্টের সিরিজে মোট ১৯ উইকেট নিয়েছিলেন। ইতিহাসে সপ্তম এবং বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক সিরিজে সেরা হওয়ার গৌরব তার। এ ছাড়া ইতিহাসে ষষ্ঠ বোলার হিসেবে প্রথম দুই টেস্টে তিনবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন। মিরাজ হয়ে ওঠেন দলের অন্যতম অপরিহার্য স্পিনার। কিন্তু তাকেই এখন দলে জায়গা পেতে লড়াইয়ে নামতে হচ্ছে।
সবশেষ ২০১৯-এ ভারত সফরে টেস্ট খেলেছেন মিরাজ। পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের দুই টেস্টে জায়গা হয়নি তার। ওয়ানডে দলেও নড়বড়ে অবস্থান এখন মিরাজের। এমন অবস্থায় উইন্ডিজকে সামনে পেয়ে সেরা একাদশে ফেরার আশায় বুক বাঁধছেন। কারণ, এই উইন্ডিজের বিপক্ষেই ক্যারিয়ারে সবচেয়ে ভালো খেলেছেন তিনি। ২২ টেস্টে মোট ৯০ উইকেট মিরাজের। এর মধ্যে সবচেয়ে বেশি উইন্ডিজের বিপক্ষে, ২৫ উইকেট। ইংল্যান্ড ছাড়াও ক্যারিবীয়দের বিপক্ষে সর্বোচ্চ তিনবার ৫ উইকেট শিকারের কীর্তি আছে তার। ৫৮ রানে ৭ উইকেটের সেরা বোলিংও উইন্ডিজের বিপক্ষে। ২০১৮’র সেই মিরপুর টেস্টে দুবার ৫ উইকেটসহ মোট ১২ উইকেট নেন মিরাজ।
এ কারণেই উইন্ডিজের সঙ্গে সিরিজটি নিয়ে আশাবাদী মিরাজ। পছন্দের প্রতিপক্ষের সঙ্গে ভালো করে দলে জায়গা আবার পাকা করতে চান। অবশ্য এর জন্য একটা সুযোগ চাই তার, ‘শেষ তিন-চারটি ম্যাচে আমি একদমই ভালো করতে পারিনি। দেশের মাটিতে হোক বা দেশের বাইরে যে কয়টা ম্যাচ খেলেছি, সবগুলোতেই সাধারণ পারফরম ছিল। কিন্তু এখন আমার জন্য আশার ব্যাপার হলো প্রতিপক্ষ উইন্ডিজ। আগেও তাদের বিপক্ষে ভালো করেছিলাম। সেই আত্মবিশ্বাস এবং দেশের মাটিতে খেলার সুবিধা, সব মিলিয়ে এটা আমার জন্য জাতীয় দলে কামব্যাক করার খুব ভালো একটা সুযোগ। সুযোগ পেলে অবশ্যই সেরা সময় ফেরাতে চেষ্টা করব। তবে দিন শেষে অবশ্যই চেষ্টা থাকবে দলের ভালোর জন্য নিজে পারফরম করা।’