বীর মুক্তিযোদ্ধাকে লাঠিপেটার অভিযোগে ওসি প্রত্যাহার

বীর মুক্তিযোদ্ধাকে গালিগালাজ ও লাঠিপেটার অভিযোগ ওঠায় ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী জিন্নাহকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার তাকে জেলা পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তবে ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা মেলেনি বলে দাবি করে।

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম সাংবাদিকদের বলেন, ওই বীর মুক্তিযোদ্ধাকে লাঠিপেটার ঘটনায় ওসির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তদন্ত করে তার প্রমাণ পাওয়া যায়নি। এরপরও স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে খলিশাপট্টি গ্রামে দুই দলের মধ্যে সংঘষ হয়, সংঘর্ষ ঠেকাতে গিয়ে পুলিশের লাঠিপেটার শিকার হন একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন। পরদিন ওসি মোহাম্মদ আলী জিন্নাহকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান মুক্তিযোদ্ধারা। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা এ দাবি করেন। একই দাবিতে মঙ্গলবার নগরকান্দা উপজেলার মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেন।