টিকা প্রদানে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় সংসদীয় কমিটি

করোনাভাইরাসের টিকা প্রদানে সুষ্ঠু ব্যবস্থাপনা চায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। জেলা সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে নির্ধারিত সাধারণ মানুষের কাছে যাতে নির্বিঘ্নে করোনাভাইরাসের টিকা পৌঁছায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ ও নিবিড় ব্যবস্থাপনা চায় কমিটি।

গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়কে (বিএসএমএমইউ) সেন্টার অব এক্সিলেন্সে পরিণতকরণ প্রকল্পের আওতায় দ্রুত বর্জ্য নিষ্কাশন প্ল্যান্ট পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া ‘অ্যাস্টাব্লিশমেন্ট অব ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিউরো-ডিজঅর্ডার অ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ভৌত অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাসহ প্রয়োজনীয় জনবলের সংস্থান করার উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।