করোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়াল কলকাতা

করোনা মহামারি মোকাবিলায় সম্মুখসারিতে থাকা স্বাস্থ্যকর্মীদের ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের পৌরসভা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

সংবাদ প্রতিদিন জানায়, এর ফলে উপকৃত হবেন রাজ্যটির মোট ১১২টি পৌরসভা ও  ৭টি পুরনিগমের প্রায় ৪২ হাজার অস্থায়ী স্বাস্থ্যকর্মী।

করোনাকালে ঝুঁকি নিয়েও নিরন্তর কাজ করে গেছেন পৌরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। করোনা পরীক্ষাসহ একাধিক জরুরি সেবার সঙ্গে কাজের সঙ্গে যুক্ত ছিলেন তারা।

গত ১৪ ডিসেম্বর পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন যে, কাজের স্বীকৃতি হিসেবে তাদের ভাতা বৃদ্ধির কথা ভাবছে মন্ত্রণালয়। এক মাস পর অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তা কার্যকর করা হল।

জানা গেছে, এখন থেকে রাজ্যের বিভিন্ন পৌরসভার স্বাস্থ্যকর্মীরা প্রায় ৪৪ থেকে ৯৫ শতাংশ বাড়তি ভাতা পাবেন। বিভিন্ন স্তরের কর্মীদের ভাতা বৃদ্ধির হার বিভিন্ন।

পৌরসভায় যারা অস্থায়ী স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছেন, তারা ৩১২৫ রুপি করে ভাতা পেতেন। টুইটারে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, এই কর্মীদের ভাতা বেড়ে দাঁড়াল ৪৫০০ রুপি। প্রথম স্তরের সুপারভাইজারদের ভাতা ছিল ৩৩৩৮ রুপি। এখন থেকে তারা পাবেন ৬৫০০ রুপি।

এ ছাড়া দু’ক্ষেত্রেই অবসরকালীন ভাতার অঙ্কও বাড়ানো হয়েছে। আগে তা ছিল ২ লাখ রুপি। এখন থেকে পৌরসভার সর্বস্তরের স্বাস্থ্যকর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে হাতে পাবেন ৩ লাখ রুপি করে।

টুইটে ফিরহাদ হাকিম লিখেন, ‘করোনা সংকটকালে প্রতিদিন, প্রতি মুহূর্তে তারা আমাদের জন্য কাজ করে বুঝিয়ে দিয়েছেন, নাগরিক জীবনে স্বাস্থ্যকর্মীদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।’