আখাউড়ায় মেয়র প্রার্থী নুরুলকে লাঞ্ছিত করার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. নুরুল হক ভূইঁয়াকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া পৌরশহরের সড়কবাজারে এই ঘটনা ঘটে।

নুরুল হক ভূইয়া মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের তিন বারের চেয়ারম্যান ও একবার আখাউড়া চেয়ারম্যান ও পরবর্তীতে মেয়র ছিলেন।

লাঞ্ছিতের ঘটনায় নুরুল হক ভূইয়া বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের কাদের মোল্লার ছেলে সোহাগ মোল্লাকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোহাগের বাবা কাদের মোল্লা পৌরশহরের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

নুরুল হক ভূইয়া অভিযোগ করে বলেন, রাতে সড়ক বাজারের সাইফুল টি স্টলে বসে চা পান করছিলাম। এ সময় সন্ত্রাসী সোহাগসহ আরও ৪/৫ জন জন যুবক দোকানে এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমাকে জুতাপেটা করে।

এই ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, নুরুল হক ভূইয়ার অভিযোগটি আমরা পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।