জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন, জীবন দিয়েছিলেন। বঙ্গবন্ধুর বিদায়ের পরে এ দেশে গণতন্ত্রের কথা যারা বলছেন, আমি মনে করি তারা ওই গণতন্ত্র রক্ষা করতে পারেননি।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। আর আজকে তার উত্তরসূরীরা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন, হত্যা করেছেন।
তিনি সরকারকে সর্তক করে বলেছেন, ‘এই সরকারের এমন করুণ পরিণতি অপেক্ষা করছে, সেটা তারা চিন্তাও করতে পারবে না।’
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ২০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় মিয়া গোলাম পরওয়ার এসব বলেন।
জামায়াতের সেক্রেটারি বলেন, ‘সরকার এদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্র হরণ করেছে, বাকস্বাধীনতা হরণ করছে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছে, দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সরকার ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘এ সরকারের অধীনে স্বাধীনতা, ইসলামী মূল্যবোধ, জাতীয়তাবাদ কোনো কিছুই নিরাপদ নয়। একটি বিদেশি আধিপত্যবাদের হাতে দেশকে তুলে দেওয়ার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। দেশের কল-কারখানা, শিল্পপ্রতিষ্ঠান সবকিছু বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে।’
জামায়াতের এই নেতা বলেন, ‘আমি বলি, একটি বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন বিষয় নিয়ে কথা বলে আমাদের লাভ নেই। কথা একটাই, এই সরকারের এমন করুণ পরিণতি অপেক্ষা করছে, সেটা তারা চিন্তাও করতে পারবে না।’
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘করানা মহামারির সময়ও বাংলাদেশে সীমাহীন দুর্নীতি হয়েছে। এ সময়ে দুর্নীতি করে হাজার হাজার কোটিপতির জন্ম হয়েছে দেশে।’