গাব্বায় অজিদের রেকর্ড অক্ষত থাকবে?

‘উইনার্স টেক ইট অল’ বলতে যা বোঝায় ব্রিসবেন টেস্ট ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আজ থেকে শুরু এই টেস্টের ফল নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। টেস্ট চ্যাম্পিয়নশিপের ভাগ্যও নয় কি? জেতার শতকরা হিসাবে ৭৩.৮ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। ৭০.২ শতাংশ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। ৭০.০ শতাংশ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড। ব্রিসবেনের ফল এই দল তিনটির অবস্থান পাল্টে দিতে পারে। ভারত হারলে কিউইরা দুইয়ে উঠে যাবে। অন্যদিকে অস্ট্রেলিয়া হারলে শীর্ষ দুই স্থান ছিটকে পড়ার শঙ্কা তৈরি হবে। সে সময় পরের হিসাব। আজ থেকে ব্রিসবেন শুধু উচ্চমার্গীয় ক্রিকেটে বুঁদ হয়ে থাকবে।

১৯৮৮ সাল থেকে ব্রিসবেনে কখনো হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের পর মেলবোর্ন আর সিডনিতে যেভাবে লড়াই করেছে ভারত, তাতে অজিদের অপরাজিত থাকার রেকর্ড অক্ষত থাকবে কি-না সন্দেহ। কারণ গাব্বার উইকেট রেজাল্টপ্রবণ। ড্র হলে অবশ্য ভারতের লাভ। বোর্ডার-গাভাস্কার ট্রফি তাদেরই থাকবে। মনস্তাত্বিক লড়াইয়ে ভারত এগিয়ে থাকলেও ইনজুরিতে জেরবার তারা। সিডনি টেস্টের নায়ক হনুমা বিহারি খেলতে পারবেন না। রবীন্দ্র জাদেজাও দলে নেই। ইনজুরির কারণে অনিশ্চিত মূল পেসার জাসপ্রিত বুমরাহ। তাকে নিয়ে অনিশ্চয়তার কারণেই ম্যাচের আগের দিন দল ঘোষণা করেনি ভারত। বুমরাহ না খেললে সম্পূর্ণ অনভিজ্ঞ পেস অ্যাটাক নিয়ে নামতে হবে ভারতকে। সেক্ষেত্রে মাঠে নামবেন শার্দুল ঠাকুর অথবা টি নটরাজন। অশ্বিনও পুরোপুরি ফিট নন। পিঠের ব্যথা নিয়েই খেলবেন। ইনজুরি সমস্যা আছে অস্ট্রেলিয়া দলেও। সিডনিতে অভিষেকেই ৬২ রান করা উইল পুকোভস্কি খেলবেন না। তার পরিবর্তে দলে ঢুকেছেন মার্কাস হ্যারিস। ইন্টারনেট।