ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু কাল

প্রদর্শিত হবে ৭৩ দেশের ২২৭ চলচ্চিত্র

‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে ১৬-২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবারের উৎসব উৎসর্গ করা হচ্ছে। উৎসবে মোট ৭৩টি দেশের ২২৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘স্প্রিং ব্লোসম’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুজান্না লিনডন।

গতকাল বৃহস্পতিবার ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান কিশোয়ার লায়লা, উৎসবের বিচারক মঈনুদ্দীন খালেদ, রোকেয়া প্রাচী, ফেরদৌস আহমেদ, রফিকুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন উৎসব কমিটির নির্বাহী সদস্য ম. হামিদ।

আয়োজকরা জানান, আগামীকাল শনিবার বিকেল ৪টায় পর্দা উঠছে ১৯তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হোসেন, বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উৎসবে থাকছে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগ। এবারই প্রথম সংযুক্ত হচ্ছে ‘লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এবং ‘ট্রিবিউট’ নামে আরও দুটি নতুন বিভাগ। এবারের উৎসব অনুষ্ঠিত হচ্ছে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার (মুক্তমঞ্চ), বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স এবং সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে।