কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে বাবা দাবি করে যুবকের মামলার শুনানি হয়নি।
গতকাল বৃহস্পতিবার এ মামলায় জারি করা সমনের চিঠি আদালতে ফেরত না আসায় বিচারক পরে শুনানির দিন ধার্য করবেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে আদালতের সমনপত্র ফেরত আসার পর এ বিষয়ে শুনানি হতে পারে।
এদিকে মামলার বাদী মোহাম্মদ ইসহাক জানান, সাবেক এমপি আবদুর রহমান বদিকে পিতা দাবি করে মামলার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
গত ১৩ ডিসেম্বর টেকনাফ পৌরসভার কায়ুকখালীপাড়ার মোহাম্মদ ইসহাক (২৭) বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফের সহকারী জজ আদালতে মামলা করেন। মামলায় বদি ছাড়াও মূল বিবাদী করা হয় বদির চাচা টেকনাফের পৌর মেয়র হাজি মোহাম্মদ ইসলামকে। ওইদিনই মামলাটি আমলে নিয়ে বিবাদীদের ১৪ জানুয়ারি সশরীরে হাজির হয়ে জবানবন্দি দেওয়ার আদেশ দেয় আদালত।
৩০ বছর আগে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপাড়ার বাসিন্দা আবুল বশরের মেয়ে সুফিয়া খাতুনকে বদি বিয়ে করেন বলে মামলার বাদী দাবি করেন। সেই সূত্রে আবদুর রহমান বদির প্রথম ছেলে ইসহাক।