বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’ এর আসর। করোনার আবহে অনুষ্ঠানের ধরনে পরিবর্তন আনা হলেও থাকছে জমকালো আয়োজনে সাংস্কৃতিক পর্ব।
এ আয়োজনে সমন্বয়ের দায়িত্বে থাকা বিটিভির মহাপরিচালক এস এম হারুন অর রশীদ জানান, এবার ৪০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে।
দুটি পর্বে ভাগ হবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯’ । আগের আসরগুলোতে প্রথম পর্বে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহন করতেন বিজয়ীরা। এবার তিনি ভার্চুয়ালি পুরস্কার তুলে দেবেন। অর্থাৎ, অনুষ্ঠানের মঞ্চে থাকছেন না শেখ হাসিনা।
পুরস্কার প্রদান শেষে থাকছে আকর্ষণীয় সাংস্কৃতিক আয়োজন। এ পর্ব সঞ্চালনা করবেন টিভি পর্দার জনপ্রিয় দুই মুখ আনিসুর রহমান মিলন ও আশনা হাবিব ভাবনা।
জানা গেছে, সাংস্কৃতিক আয়োজনে সিনেমার গানে মঞ্চ মাতাবেন পাঁচ তারকা। জুটি বেঁধে আসবেন ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস, সাইমন সাদিক ও মাহিয়া মাহি এবং এককভাবে নুসরাত ফারিয়া। তারা একাধিক গানে নাচ পরিবেশন করবেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু ও শেষ হবে সাদিয়া ইসলাম মৌ ও ওয়ার্দা রিহাবের দলের নৃত্য পরিবেশনায়।
গান পরিবেশন করবেন লিজা, ঐশীসহ আরও তিন শিল্পী।
জানা যায়, স্বাগত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যসহ চারটি বক্তৃতা থাকছে।
এবার ২৬টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। আজীবন সম্মাননা পাচ্ছেন মাসুদ পারভেজ (সোহেল রানা) ও কোহিনূর আক্তার সুচন্দা।
পুরো আয়োজন স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে।