ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২০-২১ মৌসুমে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্টে শীর্ষে ম্যানইউ, সমান ম্যাচে ৩ পয়েন্ট কমে দ্বিতীয়তে লিভারপুল। আগামীকাল অ্যানফিল্ডে মুখোমুখি হবে দল দুটি। বর্তমানে লিগ টেবিলে শীর্ষে থাকলেও রেড ডেভিলদের ফরাসি মিডফিল্ডার পল পগবা বলছেন, লিভারপুলের কাতারে যেতে হলে এই মৌসুমে শিরোপা জিততে হবে।
ম্যানইউ সবশেষ লিগ শিরোপা জিতেছিল ২০১২-১৩ মৌসুমে। ইয়ুর্গেন ক্লপের অধীনে গেল দু’বছর ধরে ভালোই করছে অল রেডরা। গেল মৌসুমে তারা জিতেছে লিগ শিরোপা, তার আগের মৌসুমে জিতেছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগ। পগবা বলেন, ‘আমরা অনেক উন্নতি করেছি, প্রতিনিয়তই করছি, তবে আমাদের দলটি এখনো বেশ তরুণ। অবশ্যই আমরা বলতে পারি না যে, (লিভারপুলের সঙ্গে) একই কাতারে আছি। তারা প্রিমিয়ার লিগ জিতেছে (গেল মৌসুমে)। তাই আমরা যেদিন জিতব বলতে পারব একই কাতারে আছি।’