রাজধানীর শাহ আলী, পল্লবী, কাফরুল ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘ভুয়া চাকরিদাতা’ প্রতিষ্ঠানের ২৩ প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ সময় উদ্ধার করা হয়েছে ৫০ জন ভুক্তভোগীকে। গতকাল শুক্রবার র্যাব-৪-এর কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। তারা জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকটি ভুয়া কোম্পানি চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ফাঁদে ফেলে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদে র্যাব-৪-এর বিশেষ দল বৃহস্পতিবার রাত পর্যন্ত রাজধানীর শাহ আলী, পল্লবী, কাফরুল ও তেজগাঁও থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠান থেকে ৫০ ভুক্তভোগীকে উদ্ধার এবং ২৩ প্রতারককে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, অভিযানে শাহ আলী থানার ‘লাইফ গার্ড সিকিউরিটি অ্যান্ড সাপ্লাই লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান থেকে ১০০টি জীবনবৃত্তান্তের ফরম, ১৫টি চাকরির আবেদন ফরমের বই, ৪টি রেজিস্টার, ৪টি সিলমোহর, ৭টি মোবাইল ফোন, ২০০টি ভিজিটিং কার্ড এবং ৫ হাজার টাকাসহ পাঁচ প্রতারককে গ্রেপ্তার করা হয়।