জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অত্যাধুনিক মেডিকেল সেন্টার নির্মাণকাজের মেয়াদ তিন দফা বাড়ানো হয়েছে। গত অক্টোবরে শুরু হওয়া কাজটি ডিসেম্বর মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের শ্লথগতিতে জানুয়ারিতেও অর্ধেকের বেশি কাজ অসম্পূর্ণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচতলায় তিন কক্ষবিশিষ্ট মেডিকেল সেন্টারটি নির্মিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে মেডিকেল সেন্টারের নির্মাণকাজ শেষ হবে।
সরেজমিন দেখা যায়, তিনটি কক্ষের মধ্যে মাত্র একটিতে টাইলস বসানোর কাজ শেষ হয়েছে। প্রতি কক্ষ রং করা এবং অত্যাধুনিক যন্ত্রপাতি বসানোর কাজ এখনো বাকি। মাত্র কয়েকজন শ্রমিক টাইলস ও রঙের কাজ করছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জবির ২০ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য পুরাতন মেডিকেল সেন্টারটি যথাযথ সেবা দিতে পারছিল না। সেজন্য গত বছর জুলাইয়ে এর সম্প্রসারণের জন্য রফিক ভবনের নিচতলা নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ। সেখানে চিকিৎসকদের বসার জন্য আলাদা জায়গা, প্যাথলজিক্যাল ল্যাব এবং ছাত্রছাত্রীদের জন্য আলাদা ওয়ার্ড করা হচ্ছে।