সিরাজগঞ্জ জেলার বেলকুচি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টের বিরুদ্ধে নৌকা প্রতীকের ব্যালটে নিজ হাতে সিল মারার অভিযোগ উঠেছে।
এ পৌরসভায় সাবেক মৎস্য মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী সাবেক মেয়র আসানুর বিশ্বাস নৌকা প্রতীকে নির্বাচন করছেন। নৌকার পাশাপাশি বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী প্রতিদন্দীতা করছেন।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার কামারপাড়া আলহাজ্ব লতিফা শাজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গেলে এ অভিযোগ পাওয়া যায়।
স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে সাজ্জাদুল হক রেজার নির্বাচনের প্রধান এজেন্ট বেলকুচি উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, ভোটের শুরু থেকে এ কেন্দ্রে নৌকা সমর্থক ও এজেন্ট রুমা বিশ্বাস জোর করে নৌকা প্রতীকের ব্যালট কেড়ে নিয়ে সিল দিচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, স্যাম কিশোর, আলহাজ্ব সিদ্দিকী, ক্ষিদ্রমাটিয়া, কামার পাড়া, সেরনগর স্কুল কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্রে নৌকার প্রতীকের লোকেরা জোর করে ভোট কেটে নিচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে।
এ বিষয়ে কামারপাড়া আলহাজ্ব লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রর প্রিসাইডিং অফিসার আব্দুল কাদের বলেন, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।